ঠাকুরগাঁও: আমরা কোনো অপরাধমূলক কার্যক্রম বরদাস্ত করব না। সে যেই হোক, যত বড় নেতাই হোক যদি আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা এতটুকু দ্বিধাবোধ করব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সকলের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ে বিজয় অর্জিত হয়েছে। এ জন্য ভোটারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এই বিজয় আরও সুদৃঢ় করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা আরও বড় বিজয় অর্জন করতে পারি।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি মনে করেন একজোট হয়ে এমপি হবেন বা যা খুশি তাই করতে পারবেন কিন্তু আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। পাশাপাশি যেকোনো পরামর্শ বা সমস্যার কথা ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।
নির্বাচনে বিজয় প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা ঠাকুরগাঁওয়ের সুনাম রক্ষা করেছেন। এটি আমাদের সবার দায়িত্ব ছিল।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।