সিলেট: চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনেই ভূমিধস জয় পেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা ১৫ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। জেলায় মোট ৫১.২৭ শতাংশ ভোট পড়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
জেলায় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ‘জুলাই চার্টার’ বা রাষ্ট্র সংস্কারের গণভোটে জেলার প্রতিটি আসনেই ‘হ্যাঁ’ এর পক্ষে বেশি ভোট পড়েছে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার ৪ আসনেই নির্বাচন সম্পন্ন হয়।
মৌলভীবাজার-১
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আমিনুল ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।
মৌলভীবাজার-২
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে শওকতুল ইসলাম শকু, ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।
মৌলভীবাজার-৩
মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে এম নাসির রহমান ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট।
মৌলভীবাজার-৪
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, যিনি পেয়েছেন ৩৪ হাজার ১৪৭ ভোট।
জেলার ৪টি আসনেই বিএনপির বিপুল ভোটে জয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রের ৩ হাজার ১০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে দায়িত্ব পালন করেন ২৮ জন অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন সতর্ক অবস্থানে থেকে।
ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন সাধারণ ভোটাররা। অনেকেই সকাল সকাল কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নেন বিপুলসংখ্যক ভোটার।
সার্বিকভাবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং ৪ আসনে বিএনপির জয় মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।