পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে ২টিতে বিএনপি এবং ১টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যে এ ফলাফল জানা গেছে।
পিরোজপুর-১: জামায়াতের মাসুদ সাঈদীর জয়
পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনের ১৬৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মাসুদ সাঈদী ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। ভোটের ব্যবধান ২৫ হাজার ৫৫৪। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৬৪টি। পাশাপাশি গণভোটে “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৪টি এবং “না” ভোট ৬৩ হাজার ৫৮টি।
পিরোজপুর-২: সোহেল মঞ্জুরের ব্যবধানে জয়
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের ১৬৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। ব্যবধান ৮ হাজার ২৮৮। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৩০২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩০ হাজার ২৩৮টি। গণভোটে “হ্যাঁ” ভোট ৬২ হাজার ২৩৩ এবং “না” ভোট ২৭ হাজার ৭৬৫টি।
পিরোজপুর-৩: রুহুল আমিন দুলালের জয়
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মো. রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৯৬৮ ভোট। রুহুল আমিন দুলাল ২৭ হাজার ১০৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
এ আসনে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৯৮৭টি। গণভোটে “হ্যাঁ” ভোট ৮৪ হাজার ৪৫৭ এবং “না” ভোট ৪৩ হাজার ৩৬৫টি।
পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই ফলাফল ঘোষনা করেন।