রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বেসরকারি ফলাফলে এনসিপি প্রার্থী আখতার হোসেনের (শাপলা কলি) জয় ঘোষণার পর ভোট পুনর্গণনার দাবি উঠেছে। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার (ধানের শীষ) কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং আখতার হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার কর্মী-সমর্থকরা।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপির আখতার হোসেন (শাপলা কলি) ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে জয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।
আখতার হোসেন ৮ হাজার ৩৩১ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয়েছেন। বিএনপি কর্মী-সমর্থকদের দাবি, কয়েকটি কেন্দ্রে জাল ভোট, এজেন্টদের বাধা দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং গণনায় অনিয়ম হয়েছে। তারা বলছেন, পুনর্গণনা না হলে ফলাফল মেনে নেওয়া যাবে না।
হারাগাছ বাজার, পীরগাছা-কাউনিয়া সড়ক এবং আশপাশের এলাকায় বিএনপি কর্মীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। স্লোগান উঠছে- ‘জাল ভোট মানি না’, ‘পুনর্গণনা চাই’, ‘আখতার হোসেন ফিরে যাও’ ইত্যাদি। কয়েকটি স্থানে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, ‘আমরা পুনর্গণনার দাবি জানাচ্ছি।’