রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোট গণনায় ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার পক্ষের পাঁচ হাজারের বেশি ভোট বাতিল দেখানো হয়েছে।
তিনি ফলাফল প্রত্যাখ্যান করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন।
সাইফুল ইসলাম বলেন, “ভোট গণনায় চরম অনিয়ম করা হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে চূড়ান্ত ফলাফলের বড় ধরনের গরমিল রয়েছে। প্রশাসনের সহায়তায় গণনার সময় এই কারচুপি করা হয়েছে। আমার পক্ষের ৫ হাজারের বেশি ভোট বাতিল দেখানো হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমতের প্রতিফলন নয়।”
সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী নুরুল আমিন (দাঁড়িপাল্লা, জামায়াত) ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট, সাইফুল ইসলাম (ধানের শীষ, বিএনপি) ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।
জামায়াত প্রার্থী মাত্র ২ হাজার ৪২৫ ভোটের ব্যবধানে জয়ী ঘোষিত হয়েছেন। সাইফুল ইসলাম দাবি করছেন, কয়েকটি কেন্দ্রে জাল ভোট, এজেন্টদের বাধা দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং গণনায় অনিয়ম হয়েছে। পুনর্গণনা না হলে ফলাফল মেনে নেওয়া যাবে না।
পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম বলেন, “আমরা এই ফলাফল মেনে নিতে পারছি না। জনগণের রায়ের প্রতিফলন নয় এই ফল। সুষ্ঠু তদন্ত ও পুনরায় গণনা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”