রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নিজের জামানত হারিয়েছেন। “ছড়ি” প্রতীক নিয়ে লড়াই করা এই প্রার্থী মোট ভোট পেয়েছেন মাত্র ২৬৬টি।
নির্বাচনের আগে গত ২ ফেব্রুয়ারি প্রচারে ব্যায় মেটাতে আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাধান উপদেষ্টা বরাবার আবেদন করে আলোচনায় এসেছিলেন।
নির্বাচনি আইন অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। এতে ব্যর্থ হলে জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিটি প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের সময় ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়। এই অর্থ ইসি বরাবর নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়া হয়।
নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এই আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৬৩ হাজার ১৯৪টি। এর মধ্যে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল “ছড়ি” প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ২৬৬টি। অর্থাৎ মোট ভোটারের বিপরীতে ভোট পেয়েছেন ০.০৫ শতাংশ। সে হিসেবে নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানোর বিষয়টি সম্পর্কে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, কোনো প্রার্থী যদি মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম পান, তাহলে তিনি নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া অর্থ ফেরত পাবেন না।