কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে উপুর্যুপরি ছুরিকাঘাতে মোস্তফা কামাল (২৬) নামের এক চিংড়িঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ঘেরশ্রমিক সোলাইমান ও তার বাবা শাহানুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের সাদাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল একই ইউনিয়নের ইছাখালী গ্রামের মোকতার আহমদের ছেলে। তিনি পেশায় চিংড়িঘের ব্যবসায়ী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিনি এক সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চিংড়িঘের থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জেরে সোলাইমানের নেতৃত্বে চার থেকে পাঁচজন যুবক কামালের ওপর হামলা চালান। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত সরে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে তাকে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ৮টার দিকে কামালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সোলাইমানের বাড়ি ঘেরাও করেন। পরে সোলাইমান ও তার বাবা শাহানুরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।