রাজবাড়ী: রাজবাড়ী শহরের বিনোদপুরে পূর্বশত্রুতার জেরে জাহিদ ফকির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ৯ নম্বর ওয়ার্ডের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার কিশালয় স্কুল মাঠের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম জাহিদ ফকির। সে বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।
নিহতের বড় ভাই মামুন ফকির জানায়, প্রায় ৪ বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সকাল থেকে জাহিদ বাড়িতেই ছিল। দুপুরের দিকে বাড়ির পাশে স্কুল মাঠে যায় সে। সে সময় অজ্ঞাত ৪ থেকে ৫ যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমাদের জানায়। এরপর জাহিদকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর ইসলাম বলেন, দুপুর ১টার দিকে জাহিদ হাসান নামে একজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, ‘খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।