রংপুর: রংপুর নগরীর সিটি বাজারের মাছ বাজারে মাছে ক্ষতিকর রঙ মিশিয়ে এবং আলো জ্বালিয়ে চকচকে করে ক্রেতা আকর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করতে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা ব্যবসায়ীদের ঘেরাওয়ের শিকার হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বাজার কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুপুর থেকে সিটি বাজারে ব্যাপক অভিযান চালানো হয়। নিত্যপণ্য, ফল, সবজি থেকে শুরু করে মাছ বাজার পর্যন্ত দাম, মান ও প্রতারণা তদারকি করা হয়। কিন্তু মাছ বাজারে গিয়ে ধরা পড়ে অভিনব প্রতারণা; এক ব্যবসায়ী মাছে কালার (রঙ) মিশিয়ে এবং বিশেষ আলো জ্বালিয়ে মাছকে অতিরিক্ত চকচকে ও তাজা দেখিয়ে ক্রেতা আকর্ষণ করছিলেন। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাকে জরিমানা করার প্রস্তুতি নিলে আশপাশের অন্যান্য মাছ ব্যবসায়ীরা একজোট হয়ে অধিদফতরের টিমকে ঘিরে ধরেন। একপর্যায়ে কর্মকর্তারা তোপের মুখে পড়েন। বাজার কমিটির নেতাদের সহায়তায় উত্তেজনা প্রশমিত হয়।
ভোক্তারা অভিযোগ করে বলেন, সিটি বাজারে একটি সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ ক্রেতারা। মাছ বাজারে গেলে যেভাবে পারে ‘পকেট কাটা’ হয়। বিক্রেতারা বেয়াদবি করে ক্রেতাদের জিম্মি করে রাখেন।
তারা বলেন, সরকারি মনিটরিং আরও বাড়ানো দরকার। এমন প্রতারণা বন্ধ না হলে সাধারণ মানুষের ক্ষতি হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, বাজারে বাসি বা মরা মাছ তাজা দেখাতে ক্ষতিকর রঙ ও আলো ব্যবহারের ঘটনা বাংলাদেশে নতুন নয়। এর আগে বিভিন্ন জেলায় একই অপরাধে ব্যবসায়ীদের জরিমানা ও মাছ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এসব কৃত্রিম রঙ লিভার-কিডনি নষ্ট করে, ক্যানসারের ঝুঁকি বাড়ায় এবং দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যহানি ঘটায়। পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে, তাই ইফতারে মাছের চাহিদা বাড়বে—এ সুযোগে এমন প্রতারণা আরও বাড়তে।
জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন।
সাধারণ ক্রেতারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, বাজারে নিয়মিত মোবাইল কোর্ট ও কঠোর নজরদারি বাড়ানো হোক, যাতে অসাধু ব্যবসায়ীরা আর ক্রেতাদের সঙ্গে প্রতারণা করতে না পারে।