Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বারে এককভাবে লড়বে আইনজীবী অধিকার পরিষদ

স্টাফ করেসপন্ডেট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে এককভাবে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ঢাকা বার ইউনিট।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ-এর আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দূর করতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে তারা চাপ অব্যাহত রাখবেন। একই সঙ্গে আইনজীবীদের স্বার্থ রক্ষায় আলাদা ‘আইনজীবী ঐক্য প্যানেল’ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আহ্বায়ক মমিনুল ইসলাম বলেন, নির্বাচনবিহীন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আইনজীবীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রয়োজন। সে লক্ষ্যেই তারা এককভাবে নির্বাচনে অংশ নেবেন।

সদস্য সচিব হাবিবুর রহমান জানান, দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে কয়েক মাস আগেই স্মারকলিপি দেওয়া হয়েছে এবং সাধারণ আইনজীবীদের সচেতন ও উদ্বুদ্ধ করার কার্যক্রম চলছে। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় জোরদারে কার্যকর নেতৃত্ব গড়ে তোলাই তাদের লক্ষ্য।

প্যানেলের সাধারণ সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন বলেন, সংগঠনটি কেবল আইনজীবীদের অধিকার নয়, ন্যায়বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাতেও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতি-এর নেতৃত্ব নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।