Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুলু মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৩

লালমনিরহাট: লালমনিরহাটের বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় লালমনিরহাটে আনন্দের জোয়ার বইছে।

‎​মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে অন্তর্ভুক্ত করা হয়। তিনি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দীর্ঘ সময় পালন করেন।

তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জেলাবাসী ও তৃণমূলের নেতা-কর্মীরা।

‎​স্থানীয়রা জানান, আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তার ধারাবাহিকতায় সারা দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমেও তিনি সফলতার স্বাক্ষর রাখবেন। তাকে এই রাষ্ট্রীয় সম্মান দেওয়ায় পুরো জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎এদিকে প্রিয় নেতার এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়ের পাড়া-মহল্লায় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই লালমনিরহাট সদরসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রামের প্রতিটি বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে করতে স্থানীয়রা একে অপরের সাথে কোলাকুলিতে মেতে ওঠেন। লালমনিরহাটের প্রতিটি মোড়ে মোড়ে এখন শুধুই আনন্দের গুঞ্জন।

‎​এক যৌথ বিবৃতিতে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের কারিগর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে তার উপস্থিতি দেশের অবহেলিত ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে। যোগ্য মানুষকে সঠিক স্থানে মূল্যায়ন করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।

‎স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা জানান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আমাদের শুধু নেতাই নন, তিনি আমাদের অভিভাবক। এর আগে তিনি লালমনিরহাটের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তা ভোলার মতো নয়। তাকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া মানে লালমনিরহাট তথা উত্তরবঙ্গের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া।

‎​তৃণমূলের নেতা-কর্মীদের মতে, দীর্ঘদিনের রাজপথের লড়াই এবং উত্তরবঙ্গের সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করে তাকে এই সম্মান দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর