বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর থানার ছোনকা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদকদ্রব্যসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার তিন মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি।
র্যাব জানায়, বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে নেশাজাতীয় দ্রব্য ২ বোতল এস্কাফ সিরাপ ও ৬০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক কারবারি মামুনুর রশীদ(৪৫)কে গ্রেফতার করে। গ্রেফতার মামুনুর রশীদ (৪৫) দিনাজপুরের কোতয়ালী পশ্চিম রামনগর এলাকার ওয়াহেদুল করিমের ছেলে।
এদিকে, একই দিন ভোর সাড়ে ৬টার দিকে একই মহাসড়কের হামছাপুর এলাকায় স্বাক্ষর ফিলিং স্টেশনের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদর-দক্ষিণ ভাটরা জংগলপুর এলাকার সুমন মিয়া (২৮) এবং নীলফামারী সদরের শটিপাড়ার সাইফুল ইসলাম (২৭)।