রাজবাড়ী: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মান ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় তিন ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার বালিয়াকান্দি বাজার ও বহরপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফল, মিষ্টান্ন ও মুদি দোকানে পণ্যের মূল্যতালিকা ও মান এবং ক্রয় রসিদ যাচাই-বাছাই করা হয়। ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বালিয়াকান্দি সরকারি কলেজের পাশের ফলের আড়তের মালিক মো. সাহাবুদ্দিনকে এক হাজার, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে বহরপুর বাজারের সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক সাগর সাহাকে এক হাজার ও বালিয়াকান্দি বাজারের সোলেমান হোটেলের মালিক সোলেমান শেখের পুত্র সালমান শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, উভয় বাজারের ব্যবসায়ীদেরকে সতর্কও করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ‘রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’