Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা বাসের পেছন আরেক বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫

জাজিরায় দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা। ছবি: সারাবাংলা

শরীয়তপুর: জেলার জাজিরা উপজেলায় দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ সময় উভয় বাসের অন্তত ১৬ যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে আকাশ সরদার গোপালগঞ্জের সদর উপজেলার ভোজের গাতি এলাকার বাহারুল সরদারের ছেলে। তিনি স্টার এক্সপ্রেস নামক বাসটির চালকের সহকারী (হেলপার) ছিলেন। এছাড়া নিহত অপরজন হলেন ওই একই বাসের সুপারভাইজার ইউনুস মোল্লা। তারা দু’জন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে নাওডোবা গোলচত্বর এলাকায় বাসস্ট্যান্ডে যাত্রী নামাচ্ছিল খান পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস। এ সময় পেছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেস নামের আরেকটি যাত্রীবাহী খান পরিবহণকে ধাক্কা দেয়। এতে দু’টি বাসের বেশ কয়েকজন যাত্রী হতাহতের শিকার হন। এমনকি মারাত্মক ক্ষতি হয় বাস দু’টিরও।

বিজ্ঞাপন

এ সময় দু’টি গাড়ির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই স্টার এক্সপ্রেস গাড়ির চালকের সহকারী আকাশ সরদার নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে ও পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে বাসের সুপারভাইজার ইউনুস মোল্লাও মারা যায় ।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন সারাবাংলাকে বলেন, ‘যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি। এই ঘটনায় এখন পর্যন্ত দু’জন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর