রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর সড়কের জামাই পাগলের মাজার মোড়ে শব্দদূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।
বৃহষ্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক, মো. আরিফুল হক, মো. আশিকুজ্জামান ও মো. মিজানুর রহমান। প্রসিকিউশন দাখিল করেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. ইমরান হোসেন। অভিযানে ট্রাক থেকে ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, ‘হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’