পিরোজপুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে পিরোজপুরে পৌঁছেছেন। ২০ ও ২১ ফেব্রুয়ারি দুই দিনের এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাজধানীর গুলশান-২ এলাকার নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয় তাকে।
সার্কিট হাউজ প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তিনি তার নির্বাচনি এলাকা নেছারাবাদের উদ্দেশে রওনা দেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। সফরের দ্বিতীয় দিন তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।