Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণ করবে ফিফা

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। যেখানে প্রাণের চিহ্ন খুঁজে পাওয়াই দুষ্কর, সেখানে ফুটবল স্টেডিয়াম তো একেবারেই আশাতীত ব্যাপার। এবার সেই গাজাতেই বড় এক ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে খোদ ফিফা।

বহু বছর ধরেই ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজা। স্বাভাবিকভাবে দিন পার করতেই হিমশিম খাচ্ছেন গাজার বাসিন্দারা। এসবের বড় প্রভাব পড়েছে সেখানকার ক্রীড়াঙ্গনেও। বাড়িঘরের পাশাপাশি ধ্বংস হয়েছে খেলার মাঠও।

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার জন্য এই স্টেডিয়ামের খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে এ অঙ্গীকার করা হয়। বৈঠকে নয়টি দেশ গাজা পুনর্বাসন তহবিলে ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আরও পাঁচটি দেশ ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী) অংশ হিসেবে সেনা পাঠানোর কথাও জানায়।

বিজ্ঞাপন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমাদের শুধু বাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক পুনর্গঠন করলে চলবে না। আমাদের মানুষ, তাদের আবেগ, আশা ও আস্থাকেও নতুন করে গড়ে তুলতে হবে। আর ফুটবল সেই কাজটিই করে।’

এ সময় ফিফার পক্ষ থেকে ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ডলার (প্রায় ৬১২ কোটি ১১ লাখ টাকা) দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

পাশাপাশি গাজাতে ১ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে একটি একাডেমি গড়ার কথাও জানিয়েছে ফিফা। এ ছাড়া ৫০টি ‘অ্যারেনা মিনি পিচ’ বা ছোট ফুটবল মাঠ নির্মাণে অতিরিক্ত ২৫ লাখ ডলার এবং ৫টি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে প্রতিটি মাঠের জন্য ১০ লাখ ডলার ব্যয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর