Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সুলভমূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯

নওগাঁ: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নওগাঁয় সুলভমূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে শহরের পার-নওগাঁ প্রাণিসম্পদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান।

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, রমজান উপলক্ষ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কথা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে জেলা প্রাণিসম্পদ চত্বরে ২০০ লিটার দুধ ও ১ হাজার ৫০০ পিস ডিম বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই হালি ডিম ২৮ টাকা এবং এক লিটার দুধ ৭০ টাকায় কিনতে পারবেন। আগামী ২৫ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

এছাড়া আগামীকাল শনিবার থেকে সপ্তাহে দুইদিন সুলভমূল্যে গরুর মাংস বিক্রি করা হবে। স্থানীয় খামারিরাই দুধ, ডিম ও মাংস সরবরাহ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

এদিকে রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ঊর্ধ্বগতির অভিযোগ রয়েছে। খোলা বাজারে ডিম হালি ৩২ টাকা, দুধ প্রায় ১০০ টাকা লিটার এবং পোল্ট্রি মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে স্থানীয়রা জানান।

পার-নওগাঁ এলাকার রিকশাচালক সুলতান বলেন, বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চাপে আছে। তুলনামূলক কম দামে ডিম ও দুধ কিনতে পেরে কিছুটা স্বস্তি মিলেছে।

সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আমিষের ঘাটতি পূরণে এ উদ্যোগ সহায়ক হবে। গ্রাম পর্যায়েও এ ধরনের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। উদ্বোধন শেষে প্রধান অতিথি দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর