Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ বন্ধু নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪

নিহত দুই বন্ধু।

হিলি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দিকে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মো. রাব্বি (৩৪) ও মো.সজিব হাসান (৩৫)। রাব্বি ওই গ্রামের তহিদুল ইসলামের ছেলে এবং সজিব একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। তারা দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলে করে বিরামপুর থেকে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। বিরামপুর টিঅ্যান্ডটি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। এই সুযোগে দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

একই গ্রামের দুই যুবকের এমন অকাল মৃত্যুতে শালিকাদহ গ্রাম ও নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর