কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে ঈদগাঁও সদর ইউনিয়নের ভাদিতলা দরগাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোহেল সরোয়ার বিজয়কে আটক করা হয়। তিনি স্থানীয় ইউপি সদস্য নুরুল কবিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত বারোটার পর একুশের প্রথম প্রহরে উপজেলার রশিদ আহমদ ডিগ্রি কলেজের শহিদ মিনারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাখা ‘ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ’ এর ব্যানারে ৬জন যুবক পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তোলা ছবি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি ভাইরাল হওয়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সোহেল সরোয়ার বিজয়কে আটক করে। অন্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মজুমদার বলেন, ‘আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।