Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে সড়কে প্রাণ হারালেন প্রাণিসম্পদ কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০০

ছবি: সংগৃহীত।

রাজশাহী: রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) নিহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুর রশিদ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চণ্ডিপুর গ্রামে গরুর চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় তার সামনে থাকা ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের একটি চাকা খুলে যায়। এতে তার মোটরসাইকেলটি অটোভ্যানে ধাক্কা লাগে এবং তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় তার পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক সাজিয়া খান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আবদুর রশিদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অফিসকে জানিয়ে দুপুরে একটি গরুর চিকিৎসা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন আবদুর রশিদ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর