কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে পালটাপালটি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।
এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর কুষ্টিয়া শহরের উত্তর চর আমলাপাড়া জামে মসজিদের ইমাম তরিকুল ইসলামের নেতৃত্বে মাদক নির্মূলের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এক সপ্তাহের মধ্যে এলাকায় মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুঁশিয়ারিও দেওয়া হয়।
এর জেরে রোববার (২২ ফ্রেরুয়ারি) রাতে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনের দোকানে একদল মাদক ব্যবসায়ী হামলা চালায়। পরে বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বাড়িতেও পালটা হামলা চালায় বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।