বরিশাল: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করায় বরিশাল চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। ফলে সাধারণ বিচার প্রার্থীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, যেখানে বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হচ্ছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেলেন। মনে হলো আদালত যেন তারই অপেক্ষায় ছিল। এর সুষ্ঠু সুরাহা না হওয়া অব্দি আইনজীবীদের এই বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। তারা জানান, যে সমস্যার কারণে বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটছে, সরকার সেটি যেন দ্রুত সমাধানের উদ্যোগ নেয়।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জামিন পেয়েছেন।