Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিন

স্টাফ করেসপন্ডেট
৬ এপ্রিল ২০২৬ ১২:২৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল গণমাধ্যমকে জানান, মামলাটি জামিনযোগ্য হওয়ায় আদালত তার মক্কেলকে জামিন মঞ্জুর করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল আবুল সরকারকে আটক করে। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডা. মো. মাহফুজুর রহমান ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

অভিযোগে বলা হয়, মানিকগঞ্জের একটি মেলায় পরিবেশিত গানে আবুল সরকার আল্লাহকে নিয়ে অশ্রদ্ধাকর ও কটূক্তিমূলক বক্তব্য দেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

উক্ত মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর