রাজবাড়ী: রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রথম ধাপে ১৪টি উপজেলা নির্বাচিত করেছে সরকার। এর মধ্যে রাজবাড়ীর পাংশাও রয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়টি জানান।
পাইলট উদ্যোগের আওতায় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুন বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাতে ফ্যামিলি কার্ডের বিষয়টি ছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে, পাইলট উদ্যোগের আওতায় সরকার সারা বাংলাদেশের ৪৯২টি উপজেলার মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমার বিশ্বাস গত ১৭ বছরের যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি এগুলো থেকে এদেশের মানুষ ইনশাল্লাহ মুক্তি পাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনপ্রিয় দল, প্রধান দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। আমাদের প্রিয় নেতা, আমাদের পার্টির চেয়ারম্যান, অত্যন্ত জননন্দিত জননেতা, ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছে। তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর যে কাজটি শুরু করেছে এবং বলেছে সে দলের প্রধানমন্ত্রী নয়, সে এদেশের জনগণের প্রধানমন্ত্রী। সে বলেছে, জুয়া, মাদক, সন্ত্রাসী, মাস্তানি, গুন্ডামি, দখলবাজ, চাঁদাবাজ এদের নির্মূল করতে হবে।