Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ মার্চ থেকে সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২

সাতক্ষীরা: ২ মাসের প্রজননকালীন নিষেধাজ্ঞা শেষে ১ মার্চ থেকে আবারও সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু হচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে কাঁকড়ার প্রজনন সুরক্ষায় আহরণ বন্ধ রেখেছিল বন বিভাগ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় উপকূলজুড়ে নড়েচড়ে বসেছেন জেলেরা; নৌকা মেরামত, ফাঁদ-দড়ি গুছিয়ে নেওয়া আর পাস-পারমিট সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে তাদের।

সুন্দরবনের নদী-খালঘেরা বিস্তীর্ণ জলাভাগে স্বাভাবিক সময়ে বিপুল পরিমাণ কাঁকড়া পাওয়া যায়। সাতক্ষীরার শ্যামনগরসহ খুলনার কয়রা ও দাকোপ এলাকা থেকে প্রতি মৌসুমে হাজারো জেলে বৈধ অনুমতি নিয়ে বনে প্রবেশ করেন। স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানিতেও কাঁকড়ার চাহিদা বেশি থাকায় এই খাত উপকূলীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

বন বিভাগ জানায়, প্রজনন মৌসুমে আহরণ বন্ধ রাখার লক্ষ্য কাঁকড়ার প্রাকৃতিক পুনরুৎপাদন নিশ্চিত করা। প্রতি বছর একই সময়ে দুই মাসের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ১ মার্চ থেকে পুনরায় পাস–পারমিট ইস্যু শুরু হবে এবং নির্ধারিত বিধিনিষেধ মেনে জেলেরা আহরণে যেতে পারবেন।

উপকূলীয় এলাকায় কাঁকড়া আহরণ শুধু জীবিকার উৎস নয়, বরং একটি মৌসুমি অর্থচক্রেরও চালিকাশক্তি। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত নিষেধাজ্ঞা ও কার্যকর নজরদারি বজায় থাকলে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা পাবে, একই সঙ্গে টেকসই আহরণের মাধ্যমে জেলেদের আয়ও স্থিতিশীল থাকবে।

শ্যামনগরের গাবুরা এলাকার বনজীবী আবদুল মালেক জানান, দুই মাস বসে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যায়। তবে প্রজননের সময় বন্ধ থাকাটা দরকার, না হলে ভবিষ্যতে কাঁকড়া কমে যাবে। এখন আবার বনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, পাস পেলেই রওনা দেব।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে কাঁকড়া আহরণ বন্ধ ছিল। ১ মার্চ থেকে অনুমতিপত্র দিয়ে জেলেদের বনে প্রবেশের সুযোগ দেওয়া হবে। সংরক্ষণ ও আহরণের মধ্যে ভারসাম্য রাখাই আমাদের লক্ষ্য।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর