গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ট্রাক্টর চাপায় মিনি বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার ত্রিমোহিনী-বালুয়া সড়কের ডিব বাজার এলাকার সামাদ মেম্বারের বাড়ির মসজিদ সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিনি বেগম একই এলাকার খোরশেদ আলম ওরফে ফুল মিয়ার স্ত্রী।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন নারী। যাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহন করা হচ্ছিল। রোববার দুপুরে সামাদ মেম্বারের বাড়ির সামনে উঠানে কয়েকজন নারী গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি শিশু দৌড়ে সড়কের দিকে চলে গেলে তাকে বাঁচাতে চার নারী ছুটে যান। শিশুটি অক্ষত থাকলেও নিয়ন্ত্রণহীন ট্রাক্টরটি তাদের ওপর উঠে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত চার নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মিনি বেগমের মৃত্যু হয়। আহত অন্য তিন নারীর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো যাবে।