রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় এলাকায় একটি ধানখেত থেকে ১১ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার বিল ধরমপুরে গলায় প্যান্টের বেল্ট প্যাচানো অবস্থায় ওই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবার ও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ওই কিশোরের নাম আদিব আহনাফ। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল আদিব। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের মামা মোকছেদ আলী বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা হিসাবে দেখছি। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করাও সম্ভব হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে এ ঘটনায় হত্যা মামলা হবে।