রাজশাহী: জেলার কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগুনের সূত্রপাত হওয়ার কিছু মুহূর্তের মধ্যেই আগুন গুদামের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘন ধোঁয়া ও লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ডিপোর মালিক পলাশ বলেন, প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে এ বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।