যশোর: যশোরের মণিরামপুরে মাছের ঘের থেকে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার বালিধা এলাকার একটি মাছের ঘের থেকে তার রক্তাক্ত দেহটি উদ্ধার হয়।
স্থানীয়রা মাঠে মাছ ধরতে গিয়ে আনোয়ার ফকিরের ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে আরিফের মরদেহ উদ্ধার করে।
আরিফ হোসেন বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।
কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন, এলাকার উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত কিশোর ও যুবকদের সঙ্গে আরিফের সখ্য ছিল। সেই ঘটনার দ্বন্দ্বে আরিফ খুন হতে পারে বলে তাদের ধারণা। ঘটনাস্থলে ঘেরের পাড়ে আরিফের রক্তের পাশে একটি দিয়াশলাই ও নগদ কিছু টাকা পাওয়া গেছে।
এদিকে অপর একটি সূত্র বলছে, কয়েকদিন আগে আরিফ দামি একটি মোবাইল ফোন কিনেছিল। দুর্বৃত্তরা মোবাইল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।
এই ঘটনায় পুলিশ নিহত কিশোরের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার।
আরিফের বাবা আতিয়ার রহমান পুলিশকে জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১০টার দিকে বাড়িতে তার সঙ্গে ছেলের দেখা হয়েছে। এরপর সকালে মাঠে মাছ ধরতে লোকজন এসে ঘেরের পানিতে মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, স্থানীয়রা ঘেরের পাড়ে গেলে আরিফের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিকেলে যশোর জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রীয়াধীন।