নীলফামারী: জেলার ডোমার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মিলের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদফতর।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত ‘সন্তোষী মুড়ি মিল’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।
এ সময় নিরাপদ খাদ্য অধিদফতরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানায় সরেজমিন তদারকিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া, মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।