যশোর: যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত হাফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দূর সম্পর্কের নানা বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন।
নির্যাতিত শিশুটির নানি জানান, তার নাতনি যশোর শহরের শংকরপুর এলাকায় তার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২ মার্চ বিকেলে তার সৎ ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটিকে পাশবিক নির্যাতন চালায়।
তিনি আরও জানান, রাত ৯টার দিকে নাতনিকে দিয়ে গেলে সে তার ওপর নির্যাতনের কথা জানায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি নাতনিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম হোসাইন সাফায়েত জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে সবধরনের সহায়তা দেওয়া হবে।