মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকাল ৬টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি ফোর্স অংশ নেয়।
অভিযানকালে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকরা মাছ পার্শ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
নৌ পুলিশ আরও জানিয়েছে, চলমান বিশেষ জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাজারে এ অভিযান চালানো হয়। জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।