Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে চাঁদা না পেয়ে বেড়িবাঁধের মাটি বোঝাই ট্রাক ভাঙচুর, ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২২:৫০ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ২৩:৪৯

গ্রেফতার রহমত মারুফ

সিলেট: সিলেটের জৈন্তাপুরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেড়িবাঁধ প্রকল্পের মাটি পরিবহণের কাজে নিয়োজিত ট্রাক-চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে রহমত মারুফ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রহমত মারুফ জৈন্তা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও ভুক্তভোগীর লিখিত অভিযোগ পত্র থেকে জানা যায়, জৈন্তাপুর উপজেলায় অবস্থিত বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদী ভাঙন রোধে সরকারি বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় দিকে খাল খননের মাটি ট্রাকে করে বেরিবাঁধের উদ্দেশে যাওয়ার পথিমধ্যে হাটিরগ্রাম এলাকায় ছাত্রদল নেতা রহমত মারুফের বাড়ির সম্মুখে পৌঁছালে তার বাবা জামাল আহমদসহ (৫৫) অজ্ঞাতনামা আরও ১০/১২ জন যুবক মাটি ভর্তি ট্রাকগুলোর গতিরোধ করে। এ সময় তারা ট্রাক আটকিয়ে চালক ও শ্রমিকদের টানা-হেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে মারধর করে।

বিজ্ঞাপন

এক পর্যায়ে রহমত মারুফ উপস্থিত লোকজনের সামনে প্রকল্পের কাজ করতে হলে তাকে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় ট্রাক দিয়ে খাল খননের মাটি বেড়িবাঁধে নিয়ে যেতে দিবেন না বলে হুমকি দেন করেন।

অভিযোগ পত্র থেকে আরও জানা যায়, এতে ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রহমত মারুফ গং লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এবং এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ট্রাকের গ্লাস ও বডি, সেইড ভাঙচুর করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ম্যানেজারের সঙ্গে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

ট্রাকচালক ও শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় ট্রাকচালক মাহফুজুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জৈন্তাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদল নেতা রহমত মারুফকে আটক করে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সারাবাংলাকে বলেন,
সরকারি উন্নয়ন প্রকল্পে বাঁধা প্রদান এবং ট্রাক শ্রমিকদের চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ছাত্রদল নেতা রহমত মারুফের বিরুদ্ধে খাল খনন প্রকল্পের ঠিকাদারের কাছ চল্লিশ ট্রাক মাটি নিয়ে বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠে। ছাত্রদলের নাম ব্যবহার করে এলাকায় জমি দখল, ভারত থেকে অবৈধভাবে আসা সিগারেট ও কসমেটিক পণ্যের চালান থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায় করে আসছিলেন অভিযোগ পাওয়া যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর