Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে যুবককে হত্যাচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১২:৫৭

ছবি: সংগৃহীত।

ফরিদপুর: ফরিদপুরে মাদকসংক্রান্ত বিরোধের জেরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালানো হয়েছে। হামলাকারী জিয়া মন্ডল (৫০) পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মণ্ডলের হাট এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত ইকবাল শেখ ওই এলাকার রশিদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে একটি বাগানের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান এলাকাবাসী। সেখানে গিয়ে তারা ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এসময় হামলাকারীরা মোটরসাইকেলে করে পালানোর সময় ধাওয়া খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা জিয়া মন্ডলকে ধরে গণপিটুনি দিলেও অপরজন পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। বর্তমানে সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

আহতের অবস্থা আশঙ্কাজনক ইকবাল শেখের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও প্রাথমিক তথ্যমতে জানা যায়, অভিযুক্ত জিয়া মন্ডল এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক ব্যাবসার অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো