পঞ্চগড়: জেলা শহরের কদমতলা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস’ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী উদ্যোক্তা রেহেনা আক্তার হুমকি-ধমকির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসটি তালাবদ্ধ থাকায় তিনি ও সেখানে কর্মরত শ্রমিকেরা জীবিকার সংকটে পড়েছেন।
সংবাদ সম্মেলনে রেহেনা আক্তার জানান, ১৯৮০ সালে পঞ্চগড় বাজারের কদমতলা এলাকায় ৫ দশমিক ৬২ শতক জমির ওপর তার স্বামী গোলাম রব্বানী বানী ‘সিটি স্টিল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে ২০০৭ সালে সেখানে ‘নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস’ স্থাপন করা হয়। ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন এবং চলতি বছরের মার্চে নতুন করে ডিসিআর নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তার অভিযোগ, গত ৩১ জানুয়ারি স্বামীর ভাই ইকবাল কায়সার মিন্টুর স্ত্রী দিল আফরোজ ও তাদের মেয়ে সুমাইয়া কায়সার ভাড়াটে লোকজন নিয়ে প্রেসটি তালাবদ্ধ করে দেন। পরে বণিক সমিতির মধ্যস্থতায় এক সপ্তাহ পর সেটি খুলে দেওয়া হয়। তবে গত ৫ মার্চ আবারও লোকজন নিয়ে প্রেসটি দখলের চেষ্টা করা হলে একপর্যায়ে বণিক সমিতির সদস্যরা সেটি তালাবদ্ধ করে দেন।
রেহেনা আক্তার জানান, স্বামীর মৃত্যুর পর এই প্রেসই তার পরিবারের একমাত্র আয়ের উৎস। বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় তিনি ও কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘প্রেসে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’