কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আবদু জাব্বার (৫৩) নামে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে সীমান্তের ৫১-৫২ নম্বর পিলার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতজনের একটি দল গাছ কাটার উদ্দেশে পাইনছড়ি সীমান্ত এলাকা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে যায়। তারা বাংলাদেশ সীমানা অতিক্রম করে শূন্যরেখার কাছাকাছি বাটনাতলা এলাকায় প্রবেশের চেষ্টা করলে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় আবদু জাব্বারের পায়ে স্থলমাইন বিস্ফোরিত হলে তার একটি পা উড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে থাকা অন্যরা দ্রুত সরে গিয়ে প্রাণে রক্ষা পান। পরে শুক্রবার সন্ধ্যায় আরাকান আর্মির চোখ এড়িয়ে তাকে উদ্ধার করে আনা হয়।
আহত আবদু জাব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা আবদু জ্জাবারের ছেলে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।