যশোর: যশোরে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ দুই সন্ত্রাসী শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজ (২৫) ও রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (৭ মার্চ) বিকেলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠান।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প থেকে অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজ (২৫) ও চাঁচড়া মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেলকে (৩৬) গ্রেফতার করা হয়।
গ্রেফতার গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। আটক রুবেল শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে। রুবেলের বিরুদ্ধেও হত্যা, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ৩০টি মামলা রয়েছে।
যশোর জেলা গোয়ন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, যশোরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেল ৩০ মামলা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চাঁচড়া মধ্যপাড়াতে একটি বাড়িতে অবস্থান করছে। আত্মগোপনে থাকলেও সে ঐ বাড়ি থেকে মাদক বেঁচেকেনা করছিলেন। পরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিনে নেতৃত্বে মাদক বিক্রির সময় হাতেনাতে রুবেলকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে সাত বোতল ভারতীয় ‘উইন কোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের সময় রুবেল মাদকদ্রব্য বিক্রি করছিলেন।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজকে গ্রেফতার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী ফিরোজ একজন তালিকাভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। গোল্ডেন ফিরোজ দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তিনি জানান, শনিবার আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।