কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ চার কন্যাশিশুর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু- ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা খাতুন (৮) ও সোহেলের মেয়ে সুরাইয়া খাতুন (৮)। উদ্ধার দুই শিশু- তুহিনের মেয়ে সুমাইয়া খাতুন (১০) এবং সোহেলের মেয়ে সামিয়া( ৯)। চার শিশুই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা এবং তারা পরস্পরের নিকট আত্মীয়।
জানা যায়, ওই চার শিশু গোসলে নেমে সাঁতার কেটে নদীর মাঝখানে জেগে ওঠা একটি চরের দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ স্রোতে ভেসে গভীর পানিতে চলে যায়। এ সময় খেয়াঘাটে থাকা ডিঙ্গি নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়াকে জীবিত উদ্ধার করেন। তবে তাইবা ও সুরাইয়া এখনো নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া শিশু সামিয়া জানায়, তারা চারজন একসঙ্গে নদীতে গোসলে নেমে সাঁতার কেটে মাঝের চরের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ স্রোতে ভেসে গিয়ে সবাই গভীর পানিতে চলে যায়।
ডিঙ্গি নৌকার মাঝি আব্দুর রশিদ বলেন, দুপুরে ওসমানপুর ঘাটে কয়েকজন শিশুকে সাঁতার কাটতে দেখে তিনি নৌকা নিয়ে এগিয়ে যান। পরে দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেক শিশুকে পানিতে ডুবে যেতে দেখেন।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালানো হচ্ছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। রাত ৮টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হবে।