কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ডাম্পারের (মিনি ট্রাক) সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ডাম্পার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়লে এই ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক আহমদ (৭৫) লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ. ম. মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেটের চাচা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে জিদ্দাবাজার স্টেশনের কাছে একটি ডাম্পারকে ধাক্কা দেয় যাত্রীবাহী সৌদিয়া পরিবহণের একটি বাস। এতে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এহেসানের চায়ের দোকানে ঢুকে পড়ে। সে সময় দোকানে থাকা দুজন চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে রফিক আহমদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।