কুষ্টিয়া: জেলা শহরে প্রকাশ্য দিবালোকে সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ওপর হামলা চালায়। এ সময় তার ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।