চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘি এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী নয়ন উরাং (১৯), উত্তম উরাং (২০) ও তপু কর্মকার (১৬)। তাদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে দুটি বাস যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে বেপরোয়া গতিতে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি। মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল। পথে ফেলাগাজী দিঘি মোড় এলাকায় মোটরসাইকেলটিকে বাসটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। এসময় বাসটি সড়কের পাশে উলটে যায়। এতে অন্তত ১৫-২০ জন আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফটিকছড়ি থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।