Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ২ ছেলের মারধরে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৫:১১

কালা মিয়ার মরদেহ।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তাকে টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত কালা মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়া এলাকার বাসিন্দা। তার দুই ছেলে শাকের আলম ও মনির আলমের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্য, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কালা মিয়ার স্ত্রী তার পৈত্রিক সূত্রে পাওয়া কিছু জমি বিক্রি করার উদ্যোগ নেন। এ জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাবার ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন দুই ছেলে।

বিজ্ঞাপন

নিহত কালা মিয়ার বড় মেয়ে এলম বাহার জানান, তাদের মায়ের সম্পত্তি আইন অনুযায়ী সব ওয়ারিশের মধ্যে ভাগ করে দেওয়ার পরই জমি বিক্রি করা হবে। এ নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তিনি বলেন, ‘আমার ভাই মনিরুল আলম বাবাকে তার স্ত্রীর বোনের বাসায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আমরা সারাদিন বাবাকে খুঁজেও পাইনি। পরে রাত ১২টার দিকে তাকে বেহুঁশ অবস্থায় পাই। স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সামান্য জমির লোভে আমার ভাইয়েরা বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

নিহতের স্ত্রীও অভিযোগ করেন, তার পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রি করার উদ্যোগ নেওয়ায় দুই ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি বলেন, ‘আমি আমার বাবার সম্পত্তির অংশ হিসেবে কিছু জমি পেয়েছি। সেটি বিক্রি করার জন্য কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। এ নিয়ে দুই ছেলে আমাকে কয়েকবার জবাই করারও চেষ্টা করেছে। তারা জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিতে বাবাকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে।’

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, কালা মিয়ার ছেলেরা প্রায়ই তাদের মায়ের জমির ভাগ নিয়ে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ত। বিষয়টি আগে তার কাছে জানানো হয়েছিল।

তিনি বলেন, ‘আমি ছেলেদের ডেকে বুঝিয়ে বলেছিলাম। এরপরও গত দুই দিন ধরে তারা বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে বলে শুনেছি। পরে তাকে বেহুঁশ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলে মিলে তাদের বাবাকে মারধর করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর