কুমিল্লা: কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লা সিটি করপোরেশনে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ওয়ার্ড সচিবরা তাদের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ওয়ার্ড সচিবরা অংশ নেন। বক্তারা সচিব আবুল বাশারের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারের কাছে অবৈধভাবে একটি ওয়ারিশ সনদ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আবদুল্লাহ। তবে সচিব আবুল বাশার নিয়মবহির্ভূত ওই কাজটি করতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ভিপি আবদুল্লাহ ও তার সহযোগীরা তাকে মারধর করেন।
বক্তারা বলেন, একজন সরকারি দায়িত্বে থাকা ওয়ার্ড সচিবের ওপর এমন হামলা শুধু নিন্দনীয়ই নয়, এটি প্রশাসনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল। এ ধরনের ঘটনা সরকারি কর্মচারীদের নিরাপত্তা ও দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীরা সিটি করপোরেশন প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। পরে ওয়ার্ড সচিবদের পক্ষ থেকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে সচিবরা উল্লেখ করেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী যেন হামলা-নির্যাতনের শিকার না হন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে জানার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আবদুল্লাহ’র মুঠোফোনে একাধিক বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।