চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি গভীর নলকূপ পুনঃস্থাপনের কাজে পুরনো ও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। নলকূপের ঘর তৈরিতে প্রায় ৪০ বছর আগের ইটসহ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ব্রাহ্মণ্যনগর মৌজার ১১১২ নম্বর দাগে অবস্থিত ১১০ নম্বর গভীর নলকূপটির হাউজিং নষ্ট হয়ে যাওয়ায় সেটির হাউজিংসহ পুনঃস্থাপনের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ কাজে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের কাছ থেকে বিঘাপ্রতি প্রায় ২ হাজার ৫০০ টাকা করে সংগ্রহ করা হয়।
এ বিষয়ে স্থানীয় কৃষক লিমন বলেন, ‘আমরা বিঘাপ্রতি প্রায় তিন হাজার টাকা দিয়েছি। আশা ছিল সবকিছু নতুন করে করা হবে। কিন্তু এখন দেখছি পুরনো ইট দিয়ে কাজ করা হচ্ছে।’
আরেক কৃষক আতিকুল ইসলাম বলেন, ‘নিম্নমানের ইটের খোয়া ও অনেক পুরনো ইট দিয়ে কাজ করা হচ্ছে। এতে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে।’
এ বিষয়ে বিএমডিএর ভোলাহাট উপজেলা সহকারী প্রকৌশলী লোকমান হাকিমের কাছে কাজের সিডিউল জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একেবারে ন্যারো বিষয়।’
পরে সহকারী প্রকৌশলী লোকমান হাকিম রজব নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেন। তবে পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণসামগ্রী আগের মতোই রয়েছে।
বিএমডিএর চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মকর্তা প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, ‘পুরনো বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত তদন্ত করে মানসম্মত নির্মাণসামগ্রী দিয়ে কাজটি সম্পন্ন করা হোক, যাতে ভবিষ্যতে সেচ কার্যক্রমে কোনো সমস্যা না হয়।