কক্সবাজার: জেলার চকরিয়া উপজেলায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামের এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকরিদা জন্নাত আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। তিনি প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে আইরিন মাদরাসায় গিয়েছিল। পরে মাদরাসা থেকে বাড়ি ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল। এ সময় দোলনার ওপর রাখা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে। তার সঙ্গে থাকা ভাশুরের মেয়ে মুক্তা জন্নাত (৯) বিষয়টি দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য হারবাংয়ের আজিজনগর ১ নম্বর গেইট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, আইরিন শান্ত ও ভদ্র স্বভাবের একটি মেয়ে ছিল। পড়াশোনায় মনোযোগী এই শিশুটি সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি দুর্ঘটনা। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসআই মোফাজ্জল মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের দাবি, এটি দুর্ঘটনা হওয়ায় ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।