Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণকাণ্ডে ছেলে গ্রেফতার, অব্যহতি নিলেন বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৪:৩৭ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৪:৪২

পিতা রুমান আহমদ এবং পুত্র ফারদিন আহমদ।

সিলেট: সিলেটে অপহরণ মামলায় ছেলে গ্রেফতার হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতা রুমান আহমদ।

মঙ্গলবার (১০ মার্চ) তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে এই অব্যাহতি পত্র জমা দেন।

রুমান আহমদ মহানগর বিএনপির ১৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

অব্যাহতি পত্রে রুমান আহমদ উল্লেখ করেন, তিনি মনে প্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ও নিয়ম লালন করেন। কিন্তু গত ৭ মার্চ এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার সন্তানকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও তিনি দাবি করছেন, তার সন্তান সম্পূর্ণ নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার।

বিজ্ঞাপন

তিনি অব্যাহতি পত্রে আরও উল্লেখ করেন, একজন দায়িত্বশীল কর্মী হিসেবে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট হোক তা তিনি চান না। এই নৈতিক ও দায়িত্বশীল অবস্থান থেকেই তিনি ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন।

তিনি দাবি করেন, যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সন্তান নির্দোষ প্রমাণিত হয়- তাহলে দল যেন তাকে পুনরায় মূল্যায়ন করা হয়।

তবে, মহানগর বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন ভিন্নকথা। নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, বিএনপির চেয়ারম্যানের কড়া হুঁশিয়ারি-যাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট ও বিতর্কিত হবে, সে যেই হোক তার জায়গা দলে হবে না। এ ব্যাপারে দল জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। মূলত, দলের হাইকমান্ডের রেড সিগন্যালে-ই দায়িত্বরত পদবি থেকে অব্যাহতি নিয়েছেন বিএনপির এই নেতা।

উল্লেখ্য, রোববার (৮ মার্চ) রাত ১টার দিকে সিলেট মহানগরীতে সুহেল সরকার (২২) নামের এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যুবককে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ১৪-১৫ জন দুর্বৃত্ত অপহরণ করে নগরীর তাঁতিপাড়ার একটি বাসায় আটকে রাখে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কিশোরকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে অপহৃত দুই ব্যক্তিকেও উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত ১০ তরুণের মধ্যে ফারদিন আহমদ (১৮) মহানগর বিএনপির ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমান আহমদের ছেলে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর