Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে আগুনে পুড়ে বসতঘর ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৭:১২

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়া এলাকায় ফরিদুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে মাটির দেয়াল ও টিনের চালা দিয়ে তৈরি বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় সব মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

বিজ্ঞাপন

বাড়ির মালিক ফরিদুল আলমের স্ত্রী খালেদা বেগম বলেন, ‘আমি দুপুরের দিকে দরজার পাশে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছিলাম। হঠাৎ আগুন দেখতে পেয়ে দ্রুত সবাইকে ডাক দিই। পরে আশপাশের মানুষজন ছুটে এলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তখন আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’

পরিবারের আরেক সদস্য জাফর আলম বলেন, ‘আমি তখন ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বাইরে চিৎকার শুনে বের হয়ে দেখি চারদিকে আগুনের শিখা জ্বলছে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর আগুনে গ্রাস করে ফেলে।’

ঘটনার খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা, কম্বল ও খাদ্যসামগ্রী প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রামুতে আগুনে পুড়ে বসতঘর ছাই
১২ মার্চ ২০২৬ ১৭:১২

আরো

সম্পর্কিত খবর