লক্ষ্মীপুর: মেঘনা নদীর ভাঙন রোধে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে নির্মাণাধীন ৩৭ কিলোমিটার দীর্ঘ তীররক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার সঙ্গে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কমলনগর উপজেলার ফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় পৌঁছান তারা। সেখানে পানিসম্পদ মন্ত্রী ও হুইপ চলমান বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে কাজের সার্বিক বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘মেঘনার ভাঙন থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করা আমাদের সরকারের অগ্রাধিকার।’’
তিনি জানান, আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই যেন বাঁধের কাজ দৃশ্যমান হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কাজের গুণমান বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘‘বাঁধ নির্মাণের কাজ দ্রুত ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক সহযোগিতা প্রদান করা হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।’’
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম দিদার হোসেন প্রমুখ।