রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া এলাকায় আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় চালক সজীব নিহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) ভোরে রাজবাড়ী-ফরিদপুর সড়কের কামালদিয়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব নাটোর জেলার বাসিলা এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে।
আহলাদিপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উত্তরবঙ্গ থেকে আলু বোঝাই করে ট্রাকটি ফরিদপুর জেলায় যাচ্ছিলো। এ সময় রাজবাড়ী-ফরিদপুর সড়কের কামালদিয়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় চালক সজীবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি ) মিজানুর রহমান জানান, আলু বোঝাই করে ট্রাকটি কামালদিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।